ভিন রাজ্যে পাঠানো আলু হাতিয়ে নেওয়ার অভিযোগ - The News Lion

ভিন রাজ্যে পাঠানো আলু হাতিয়ে নেওয়ার অভিযোগ




দি নিউজ লায়ন ;   সুযোগ বুঝে আলু হাতিয়ে নেওয়ার একটি চক্র সক্রিয় হয়েছে। এর সঙ্গে ভিন রাজ্যের যোগ রয়েছে বলে আলু ব্যবসায়ীদের অনুমান। ভিন রাজ্যে পাঠানো আলু হাতিয়ে নেওয়ার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে জেলায়। কিছুদিন আগে মেমারি থানার নলপুকুরের পরিবহণ ব্যবসায়ী লালন চৌধুরির সংস্থার মাধ্যমে ভিন রাজ্যে ২৩ টন আলু পাঠান কিরণ সাউ। আলুর দাম প্রায় ৬ লক্ষ টাকা। 


মেমারি থেকে আলু বিহারের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু, ২ দিন পরও গন্তব্যে পৌঁছায়নি আলু। এনিয়ে লালন বিহারের পরিবহণ ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেন। তিনি আলু বোঝাই গাড়ির চালক ও খালাসির ঠিকানা দেন। সেখানে পৌঁছে চালক ও খালাসির হদিশ পাননি লালন। বিহারের পরিবহণ ব্যবসায়ীকে আলুর বিষয়ে জানতে চাইলে সেখান থেকে কোনও সদুত্তর মেলেনি। উল্টে তাঁকে হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। 


একইভাবে মেমারি থানার হাটপুকুরের পরিবহণ ব্যবসায়ী সঞ্জয় মণ্ডল বিহারে ৫৩২ বস্তা আলু পাঠান। হুগলির আরামবাগের একটি হিমঘর থেকে আলু লোড করে বিহারের উদ্দেশ্যে রওনা হয়। তারপর আলু নির্দিষ্ট ঠিকানায় পৌঁছায় নি। তিনিও আদালতে মামলা করেছেন। পরিবহণ ব্যবসায়ীদের আইনজীবী জয়দীপ চক্রবর্তী বলেন, আলুর দাম এখন আকাশ ছোঁয়া। লাভের আশায় এ রাজ্যের ব্যবসায়ীরা ভিন রাজ্যে আলু পাঠাচ্ছেন। 


কিন্তু, আলু গায়েব হয়ে যাচ্ছে। এর সঙ্গে একটি চক্র জড়িত। বিষয়টি পুলিসকে জানানো হয়। পুলিস আদালতে মামলা করার পরামর্শ দেয়। সেইমতো মামলা করা হয়েছে। আদালত তদন্তের নিের্দশ দিয়েছে। যদিও তারপর কয়েকদিন কেটে গেলেও আলু উদ্ধার হয়নি। কেউ ধরাও পড়েনি। জেলার এক পুলিস কর্তা বলেন, তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.